নিউজ ডেস্ক:
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের ৯০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগরে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২৬ জানুয়ারি) পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মাসুমা জাফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ওই ফরম মৌখিক পরীক্ষার দিন নির্ধারিত বোর্ডে পরীক্ষার শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
যদি কোনো প্রার্থী নির্ধারিত ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র সময়মতো জমা দিতে ব্যর্থ হন, তাহলে তার প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।