৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ মার্চ, চলবে ২৫ মার্চ পর্যন্ত

নিউজ ডেস্ক :

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এক হাজার ৩৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

বিপিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সনদ ও কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল করা হবে।

বিপিএসসির প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে প্রতিদিন ৯০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। ৪৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জনসহ মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।