নিউজ ডেস্ক:
দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯ আসনের মধ্যে জোটগতভাবে ২১২টিতে জয় এবং ধানের শীষ প্রতীকে এককভাবে ২০৯ আসন পাওয়ার মাধ্যমে সরকার গঠনের স্পষ্ট পথ তৈরি করেছে দলটি। এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন, রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে কে বসবেন?দলের চেয়ারম্যান তারেক রহমানের নামই আলোচনায় শীর্ষে। নির্বাচনে এটিই তার প্রথম প্রত্যক্ষ অংশগ্রহণ, আর দলীয় নেতৃত্বও তার হাতে। ইতিহাসের ধারাবাহিকতায় অনেকে বলছেন, দলের প্রধান হিসেবে তিনিই প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে সম্ভাব্য মুখ। যদি তা-ই হয়, তবে প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে পারে।১৯৮৯ সালে কাজী জাফর আহমেদের পর আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। ১৯৯০ সালের পর থেকে দেশের সরকারপ্রধানের পদে ছিলেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। খালেদা জিয়া তিন দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সর্বশেষ শেখ হাসিনা দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। পরবর্তীতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে সামনে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার আলোচনা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৭টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এ ছাড়া এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ টি।
