২০ হাজার কোটি টাকার লেনদেন ফাঁস

ইসি ডাটা সেন্টার থেকে ১১ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) ডাটা সেন্টার থেকে ১১ কোটিরও বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে বিশাল লেনদেনের তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনার সাথে ২০ হাজার কোটি টাকার লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, নাগরিকদের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিকভাবে বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। তিনি জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই প্রক্রিয়ায় জড়িত থাকতে পারে, এবং তারা ডিজিকন গ্লোবাল সার্ভিসেসের মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে এই তথ্য হস্তান্তর করেছে।

২০২২ সালে আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি অনুযায়ী, এই ধরনের তথ্য বিনিময় বা বিক্রি করা আইনত নিষিদ্ধ ছিল। এ ধরনের চুক্তি লঙ্ঘন করে কম্পিউটার কাউন্সিল ডিজিকনের সহায়তায় বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।