নিউজ ডেস্ক :
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সিকিউ পরীক্ষা ২ ঘণ্টা ৩০ মিনিট ধরে চলবে। ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করতে হবে।
পরীক্ষা বিরতিহীনভাবে চলবে এবং এমসিকিউ ও সিকিউ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে এবং সরবরাহকৃত উত্তরপত্রে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করবে।
পরীক্ষার্থীদের শুধু রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। পরীক্ষার আসন বিন্যাস অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে নির্ধারণ করা হবে।
পরীক্ষার হলে শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ। পরীক্ষার্থী মোবাইলফোন আনতে পারবে না এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।