নিউজ ডেস্ক:
ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী বছর একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার (৭ ডিসেম্বর) বিআইডিএসের চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পমেয়াদী সরকার। এ ধরনের সরকারের পক্ষে স্বল্প সময়ে উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব নয়। এর জন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। আশা করছি, আগামী বছর এ ধরনের সরকার আমরা দেখতে পাব।”
তিনি দেশের অর্থনৈতিক বৈষম্যকে বড় দুশ্চিন্তার কারণ হিসেবে উল্লেখ করে বলেন, “বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশ এখনো এ ক্ষেত্রে অনেক পিছিয়ে।”
ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের অর্থ ব্যাংকে থাকলেও অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিটে টাকা দেখালেও বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। দেশের অবকাঠামো থাকলেও প্রকৃত সম্পদ সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।”
শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে পাবলিক হেলথে আরও বেশি বরাদ্দ প্রয়োজন। তবে সম্পদের সীমাবদ্ধতা এ ক্ষেত্রে বড় বাধা।”
বিশ্বব্যাংকের সুপারিশের কথা উল্লেখ করে তিনি জানান, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
প্রতিবেদক: মিনহাজুল ইসলাম