নিউজ ডেস্ক:
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ জন হাইকোর্ট বিচারপতিকে চায়ের আমন্ত্রণের মাধ্যমে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার দুপুরে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত এসব বিচারপতিকে চায়ের দাওয়াতে আমন্ত্রণ জানান তিনি। প্রধান বিচারপতির দপ্তরে চায়ের দাওয়াতে সাড়া দিয়ে একে একে প্রবেশ করেন অভিযুক্ত বিচারপতিরা। এদের মধ্যে বিচারপতি এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, মো. আক্তারুজ্জামান, শাহেদ মো. নুরউদ্দিন, এস এম মাসুদ হোসেন দোলন ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এবং ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা গেছে, আমন্ত্রণপ্রাপ্ত ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে পদত্যাগের দাবিতে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। সাধারণ আইনজীবীরাও তাদের পদত্যাগ দাবি করে আসছে।
এদিকে, হাইকোর্টের প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনটি দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এ দাবির মধ্যে রয়েছে আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণ। তিনি অভিযোগ করেন, দেশের জনগণ ফ্যাসিবাদী দোসরদের দ্বারা শোষিত হচ্ছে। ফলে, তারা ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ চান এবং সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ ঘটনাটি বিচার বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য আইনজীবী ও সাধারণ মানুষের দৃষ্টি এখন প্রধান বিচারপতির দিকে।
