নিউজ ডেস্ক :
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হবে। তিনি আজ ৮ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা আরো জানান, ভিসা প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে এবং এ বিষয়ে কোনো ধরনের জটিলতা এড়াতে ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি সতর্ক করেন যে, সৌদি কর্তৃপক্ষের ‘নুসুক মাসার’ অনলাইন প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায়, তাহলে হাজিরা সমস্যায় পড়তে পারে এবং এর দায় এজেন্সিগুলোকে নিতে হবে।
এছাড়া, ২৫ মার্চের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও ৯টি এজেন্সি তা করতে ব্যর্থ হয়েছে। ফলে সাড়ে ১০ হাজার মুসল্লির হজযাত্রা এখনো অনিশ্চিত হয়ে রয়েছে। এজেন্সিগুলোর অবহেলার কারণে হজযাত্রীরা যদি যেতে না পারেন, তবে সেই দায় তাদেরই বহন করতে হবে।
২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী অন্তর্ভুক্ত।
