নিউজ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, স্বাধীনতার মূলমন্ত্র এখনো পূর্ণ বাস্তবায়িত হয়নি। এনসিপি সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, এনসিপি কোনো মতাদর্শিক চরমপন্থার মধ্যে আবদ্ধ না থেকে মধ্যপন্থি দল হিসেবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। দেশের জনগণের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এনসিপি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
এ সময় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির নেতারা রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। এ দুটি কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশের মাধ্যমে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি, যেখানে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।