নিউজ ডেস্ক :
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থী ও তরুণরা। ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই আন্দোলনে উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। দাবি না মানা হলে মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রার আয়োজন করা হয়। তবে পুলিশ শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থী ও তরুণদের একটি দল।
তারা উপদেষ্টার পদত্যাগসহ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানায়। পুলিশের বাধার মুখে টিএসসির দিকে ফিরে যান তারা।এ সময় আন্দোলনকারীরা ‘বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, ‘বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়’সহ নানা স্লোগান দেন। পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা আগামীকাল নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ফিরে যান।
