নিউজ ডেস্ক :
হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা চালায়। রাজধানী রিয়াদের কাছে সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে বিশেষ প্রস্তুতি নেওয়া হলেও তুমাইরে আকাশ মেঘলা থাকায় চাঁদ দেখা কঠিন হয়ে পড়ে। তবে অন্য অঞ্চলে অনুসন্ধান অব্যাহত রাখার পর চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার আহ্বান জানায় এবং কেউ দেখলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।
বিশ্বের মধ্যে সবার আগে রমজান শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, যদিও মালয়েশিয়া ও ব্রুনাইতে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। ফিলিপাইনও জানায়, তাদের দেশে চাঁদ দেখা যায়নি। তবে আফ্রিকার দেশ তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
সৌদির সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের আকাশ কিছুটা পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধান শুরু হয়। এরপর সন্ধ্যার দিকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়, যা দেশটিতে শনিবার থেকে রোজা শুরুর পথ উন্মুক্ত করে।
