নিউজ ডেস্ক:
ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব যাত্রীদের জন্য মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক জানান, বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন, তবে এখনো সৌদি সরকার বা দূতাবাস থেকে কোনো অফিসিয়াল চিঠি পাননি।
তিনি আরও জানান, হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এটি বিনামূল্যে সরবরাহ করে। ওমরাহ যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক হলে বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন পলিস্যাকরাইড বা কনজুগেট ধরনের হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়া হজযাত্রীদের মতোই ওমরাহ এবং ভ্রমণ ভিসাধারীদের জন্যও বাধ্যতামূলক হবে।
