নিউজ ডেস্ক:
সরকার সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমানবাহিনী) কমিশনপ্রাপ্ত ক্যাপ্টেন ও তার চেয়ে ঊর্ধ্বপদমর্যাদার কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৪ জানুয়ারি থেকে পরবর্তী ৬০ দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত এই মেয়াদ কার্যকর থাকবে।
এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়। পরে নভেম্বর মাসে মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছিল। এবার পুনরায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার অধীনে সেনা কর্মকর্তারা অপরাধ প্রতিরোধ ও দমন, অপরাধীদের গ্রেপ্তার এবং প্রাথমিক বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ছাত্র-জনতার আন্দোলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পর দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই থেকে সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করছে।
