সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অসাধারণ সাফল্য

এইচএসসি পরীক্ষায় ৯৮.০৫% পাস, জিপিএ-৫ পেয়েছে ৬,৮২৬ শিক্ষার্থী

মিনহাজুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি।


২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে। এ বছর সেনাবাহিনী পরিচালিত মোট ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮,৭১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৭টি বাংলা মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৭,১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬,৮২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮.০৫% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩৬.৪৭%, যা জাতীয় পর্যায়ে একটি অসাধারণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ধারাবাহিক কৃতিত্বের পেছনে রয়েছে সেনা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়, এবং তাদের অবিচল প্রচেষ্টা

এছাড়াও, এই সাফল্যের নেপথ্যে রয়েছে সেনাসদরের সার্বিক দিকনির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের তদারকি, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস, এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা

শিক্ষা ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নে একটি অনন্য ভূমিকা রাখছে যা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।