নিউজ ডেস্ক:
মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নয়জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মহেশখালীর কালারমারছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের লবণ মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করে রেখেছিল। স্থানীয়রা এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে অভিযোগ করলে সংস্থাটি ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় সন্ত্রাসী ‘জিয়া বাহিনীর’ ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭), আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) ও নাদিম উদ্দিন (৩৫)। তারা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।