নিউজ ডেস্ক::
চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নবীন কর্মকর্তাদের দেশপ্রেম, শৃঙ্খলা ও চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “নবীন কর্মকর্তাদের ওপরই সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব অর্পিত হবে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং বিবেকের দারস্থ হয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
অনুষ্ঠানে কমিশনপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাতকে “সোর্ড অব অনার” প্রদান করা হয়।
এই মনোজ্ঞ কুচকাওয়াজে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স থেকে ২১৩ জন এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্স থেকে ১৪ জন অফিসার ক্যাডেট ও ৪ জন ট্রেইনি অফিসার কমিশন লাভ করেন। এর মধ্যে ২০৭ জন পুরুষ ও ২৪ জন নারী কর্মকর্তা রয়েছেন।
সকালে বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছে নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন।
