নিউজ ডেস্ক :
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যা বলেছেন, তা না বুঝে বলেননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, সেনাপ্রধান খুবই স্পষ্টভাষী মানুষ এবং তিনি যা বলেন, তা স্পষ্টভাবে মানুষের মুখের ওপরে বলেন। তবে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়া তার (সাখওয়াত হোসেনের) পক্ষে সম্ভব নয়।
এ সময় তিনি জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৪টি কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে অর্থ বিভাগের ব্যয় খাত থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ এবং শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেওয়া হবে। ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক ও এক হাজার ৫৬৫ জন কর্মকর্তার পাওনা আগামী ৯ মার্চ থেকে পরিশোধ শুরু হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত এক ফটো এক্সিবিশনে সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। না হলে পরে বলবেন যে আমি সতর্ক করিনি। যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করেন, কাদা ছোড়াছুড়ি ও মারামারি-কাটাকাটি করেন, তবে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।”
