সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক :

ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ও দক্ষতা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানকার বাস্তুচ্যুত জনগণের পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তাদের সঙ্গে ইফতার করেন। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। সফর শেষে আগামীকাল রোববার সকালে তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।