সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অনুসন্ধান চলাকালেই পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান চলমান থাকার মধ্যেই তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলাম জানান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে সরকারের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শুরু করে। এরই মধ্যে তার পদত্যাগ নতুন আলোচনার জন্ম দিয়েছে।