নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহতের পরিবারের দাবি, সন্ধ্যার দিকে মাঠ থেকে নিজের গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি প্রাণ হারান।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সাইদুলের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। বিএসএফের গুলি নাকি অন্য কারও গুলিতে এ ঘটনা ঘটেছে, তা জানতে কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানান।