নিউজ ডেস্ক :
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে আগ্রহী এবং সীমিত পরিসরে হলেও তা কার্যকর করতে চায়—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে ‘ভোটিং সিস্টেম উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ১৫ মে’র মধ্যে তাদের মতামত জানাতে আহ্বান জানানো হয়েছে।
সিইসি বলেন, দেশের আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক বাস্তবতা ও প্রবাসী ভোটারদের শিক্ষাগত প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই ভোটদানের যথোপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় নিরপেক্ষতা, নিরাপত্তা এবং কারিগরি সক্ষমতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি ও বুয়েট তিনটি পৃথক গবেষণা প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন কমিশনে। এতে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং—এই তিনটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সম্ভাব্য প্রযুক্তিগত জটিলতা, নিরাপত্তা ঝুঁকি ও বাস্তবায়ন চ্যালেঞ্জ সম্পর্কেও বিশদ আলোকপাত করা হয়েছে।
সেমিনারে উপস্থিত বিভিন্ন পক্ষ প্রবাসী ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, নিরাপত্তা ও বাস্তব প্রয়োগযোগ্যতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিস্টেম ডিজাইন ও পরিচালনায় কারিগরি সক্ষমতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
