নিউজ ডেস্ক :
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন শেষে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চার দিনব্যাপী (১৭-২০ ফেব্রুয়ারি) সম্মেলন শেষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর প্রতি আহ্বান জানান। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধের বিষয়েও আলোচনা হয়।
উভয় দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান এবং অনুপ্রবেশ রোধের বিষয়ে বিস্তর আলোচনা হয়। সম্মেলনে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ১৩ সদস্যের দুটি প্রতিনিধি দল অংশ নেয়।