নিউজ ডেস্ক:
নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক বাধা দিয়ে কাজটি বন্ধ করে দেয়।
নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ওই এলাকায় সীমান্ত পিলার থেকে ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেয়। পরে, বিএসএফ সদস্যরা কাজ না করেই ফিরে যায়।
তিনি আরও জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। প্রয়োজনে উচ্চ পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মোহাম্মদ ইকবাল হোসেন।
