নিউজ ডেস্ক:
বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম এলাকায় অনুপ্রবেশের সময় ইলমা নামে ২৬ বছর বয়সী এক সুদানি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) ভোরে নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ইলমার বাড়ি সুদানের কাটাম বারি কান্টি এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজিবির ফেনী ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, নিজকালিকাপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থানকালে ইলমাকে আটক করে। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকের সময় ইলমার কাছে একটি মোবাইল ফোন, ১০০ মার্কিন ডলার, কিছু ভারতীয় রুপি এবং দুটি ব্যাগ পাওয়া যায়। আটককৃতকে পরবর্তীতে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির কর্মকর্তা আরও জানান, এই সীমান্ত এলাকা দিয়ে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিক অনুপ্রবেশের সময় আটক হয়েছেন। নিরাপত্তা জোরদার করতে বিজিবির কার্যক্রম আরও তৎপর করা হয়েছে।