নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে শাহাদাত ইফাম (১৪) নামে এক কিশোর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর (নলুয়াপাড়া) এলাকার এক এসএসসি পরীক্ষার্থী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মো. রফিক আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী শাহাদাত ইফামের। সম্প্রতি মেয়েটির পরিবারের পক্ষ থেকে তার অন্যত্র বিয়ে ঠিক করা হয়।
এই পরিস্থিতিতে ইফাম তার পরিবারকে মেয়েটিকে বিয়ে করার অনুমতি চায়। তবে পরিবারের সদস্যরা এত অল্প বয়সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে ইফাম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
এ ঘটনার জেরে ইফামের বন্ধুদের একটি দল প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তবে এ নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, “পরিবারের বকুনিতে কিশোরটি আত্মহত্যা করেছে। তবে তার বন্ধুদের প্রতিবাদ ও বিক্ষোভের বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।”
সূত্র: Rtv
