নিউজ ডেস্ক:
বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি মামলায় চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসার আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে পুলিশি নিরাপত্তায় নদভীকে আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় তাকে দুপাশ থেকে পুলিশ সদস্যরা ধরে রাখেন। এ সময় নদভীর মেয়ে ও ভাগিনা লিফটের সামনে উপস্থিত ছিলেন, তবে পুলিশের বাধার কারণে তাদের সঙ্গে কথা বলতে পারেননি।
আদালত সূত্রে জানা গেছে, সাতকানিয়া থানায় ২০২৪ সালের ৮ অক্টোবর এবং লোহাগাড়া থানায় একই বছরের ২৬ আগস্ট দায়ের হওয়া পৃথক দুই মামলায় পুলিশ নদভীর ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
