বিশেষ প্রতিনিধি: সারাদেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবে পার্বত্য জেলা বান্দরবানেও চরম সংকট দেখা দিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। সরকারি নির্ধারিত মূল্যে কোম্পানিগুলো থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়া এবং প্রশাসনের অভিযানের মুখে পড়ে বান্দরবানের সকল গ্যাস সিলিন্ডারের দোকান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বান্দরবানের এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্যবসায়ীরা জানান, গ্যাস কোম্পানিগুলো থেকে তারা নিজেরাও সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি করার অভিযোগে স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করছে। একদিকে মূল কোম্পানিগুলোর কাছ থেকে ন্যায্যমূল্যে গ্যাস না পাওয়া এবং অন্যদিকে বিক্রি করতে গিয়ে প্রশাসনিক জটিলতা ও জরিমানার মুখোমুখি হওয়ায় তারা বাধ্য হয়ে দোকান বন্ধ রাখার পথ বেছে নিয়েছেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত বান্দরবানের সকল গ্যাস সিলিন্ডারের দোকান সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
একই সাথে, সরকারের কাছে নির্ধারিত মূল্যে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
উক্ত নোটিশে মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ, মেসার্স এভারগ্রীন এন্টারপ্রাইজ, মেসার্স অহি এন্টারপ্রাইজ, মেসার্স লয়া এন্টারপ্রাইজ, মেসার্স মৌ এন্টারপ্রাইজ, মেসার্স ওয়াজিহা এন্টারপ্রাইজ, মক্কা মদিনা এন্টারপ্রাইজ, মেসার্স প্রাইম গ্যাস হাউস এবং সিং সিং মার্মা ট্রেডার্সসহ বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।
