জাগ্রত পাহাড় ডেস্ক :
ইসলামে অসংখ্য কবিরা গুনাহের কথা বলা হয়েছে। এর মধ্যে চারটি গুনাহ সবচেয়ে ভয়াবহ হিসেবে চিহ্নিত। এই গুনাহগুলো সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
১. আল্লাহর সঙ্গে শরিক করা
শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্য পাপ। কোরআনে একে সবচেয়ে নিকৃষ্ট জুলুম হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
“নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে আল্লাহর সাথে শরিক করে, সে এক মহাপাপ করে।” (সুরা নিসা: ৪৮)
তিনি আরও বলেন,
“যে আল্লাহর সঙ্গে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম।” (সুরা মায়েদা: ৭২)
২. অন্যায়ভাবে মানুষ হত্যা করা
নিরপরাধ মানুষ হত্যা ইসলামে অত্যন্ত বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন,
“যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকেই হত্যা করল। আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো।” (সুরা মায়েদা: ৩২)
আরও বলা হয়েছে,
“যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তার শাস্তি জাহান্নাম; যাতে সে স্থায়ীভাবে থাকবে, তার ওপর আল্লাহর ক্রোধ ও অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন।” (সুরা নিসা: ৯৩)
৩. বাবা-মাকে কষ্ট দেওয়া
আল্লাহ তাআলা বাবা-মায়ের সঙ্গে সদাচরণ করার আদেশ দিয়েছেন। তিনি বলেন,
“তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা-মায়ের সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না।” (সুরা ইসরা: ২৩)
এখানে বাবা-মায়ের প্রতি বিরক্তি প্রকাশ করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
৪. মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া
মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলামে অত্যন্ত নিন্দনীয়। আল্লাহ তাআলা বলেন,
“হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক।” (সুরা তাওবা: ১১৯)
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
“মুনাফিকের তিনটি চিহ্ন: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং আমানত রাখা হলে তাতে খেয়ানত করে।” (সহিহ বুখারি: ৩৩)
মিথ্যা বলার মাধ্যমে মানুষকে হাসানোর উদ্দেশ্যেও সতর্ক করা হয়েছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
“যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস অনিবার্য।” (সুনানে আবু দাউদ: ৪৯৯০)
এই চারটি কবিরা গুনাহ ইসলামে অত্যন্ত নিন্দিত। আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এবং এসব পাপ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।
