নিউজ ডেস্ক :
রাজধানী ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথবাহিনীর টহল শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। যৌথ টহলে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি, অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসিয়ে মনিটরিং বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, প্রথমে ঢাকা মহানগরীতে টহল কার্যক্রম শুরু হবে, পরে তা সারাদেশে সম্প্রসারিত হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং দ্রুতই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
