নিউজ ডেস্ক :
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (১১ মে) যমুনায় আয়োজিত এক বিশেষ সভায় প্রধান উপদেষ্টা এ অনুমোদন দেন বলে তার প্রেস উইং সূত্রে জানা গেছে।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাস দমন ও শাস্তির বিধান থাকলেও, সেখানে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার মতো সুস্পষ্ট বিধান ছিল না। এই আইনি ফাঁকফোকর দূর করতে এবং আইনকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করে নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।
সংশোধিত অধ্যাদেশে যুক্ত করা হয়েছে—সরকার চাইলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত দাবি করে সরকারি গেজেটে তালিকাভুক্ত করতে পারবে এবং সেই সত্তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাও করতে পারবে। এ ছাড়া নতুন করে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবিষয়ক প্রচার প্রতিরোধে নিষেধাজ্ঞার বিধানও রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই সংশোধিত অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে জারি হতে পারে।
