আন্তর্জাতিক ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় বহিঃসম্পর্ক পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। বুধবার (৮ নভেম্বর) তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারও।
সাক্ষাতে আন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পাওলা পাম্পালোনি বলেন, সংস্কার প্রচেষ্টায় তহবিলের অভাব হবে না এবং সরকারের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদানেও প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। ড. ইউনূস এসময় জানান, শ্রমিক অধিকার নিশ্চিতে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
