নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী দু’বারের বেশি হতে পারবেন না—এমন প্রস্তাবের প্রেক্ষিতে পরপর দুবারের বেশি সংসদ সদস্য হওয়া যাবে কি না, এই প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংসদ সদস্য হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ঢাকা বিভাগ কর্মশালার প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “প্রধানমন্ত্রী দু’বারের বেশি হতে পারবেন না। তবে সংসদ সদস্য হওয়ার মেয়াদ নির্ধারণ জনগণের ওপর নির্ভরশীল। যদি জনগণ কাউকে বিশ্বাস করে ও ভালোবাসে, তাহলে তিনি বারবার সংসদ সদস্য হতে পারবেন। না হলে তা সম্ভব হবে না।”
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল। সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেন।
