নিউজ ডেস্ক :
গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ সব ধরনের বকেয়া পরিশোধে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মে মাসের ২৮ তারিখের মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে মালিকপক্ষ তা পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি জেলও হতে পারে।
বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, ইতোমধ্যে গাজীপুরের টিএনজেড গ্রুপের মালিক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন বকেয়া থাকার অভিযোগে আরও পাঁচটি কারখানার মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রস্তুতির কাজ চলছে।
এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার কাকরাইল মোড় অবরোধ করে বকেয়া আদায়ের দাবিতে টিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস এবং আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরবর্তীতে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মালিকের মহাখালী ডিওএইচএস এলাকার বাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।
