শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ, আটক ১

নিউজ ডেস্ক:

শেরপুর সদর উপজেলায় বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে ধাতিয়াপাড়া এলাকায় ঢাকাগামী একটি পিকআপে অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করা হয়।

অষ্টম থেকে দশম শ্রেণির বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। তল্লাশির সময় চালকদের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা বইগুলো বর্তমানে শেরপুর সদর থানায় সংরক্ষিত আছে।