ঢাকা, ৩ নভেম্বর ২০২৪:
সরকার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের ১৪টি হাসপাতাল ও মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রশাসন-১ শাখার সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নাম পরিবর্তিত হাসপাতালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, এবং রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি।
এছাড়া গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজকে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ, এবং জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।
