বিশেষ প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলাটি অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাদী নিজে আন্দোলনকালীন দায়ের করা মামলাটি ফেরত নেওয়ার আবেদন জানালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তা মঞ্জুর করে মামলার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় এলাকায় হামলায় আহত হওয়ার দাবি করে গত ১৮ নভেম্বর আদালতে মামলাটি করেন কফিল উদ্দিন নামে এক ব্যক্তি। আদালত সে সময় অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
তবে মামলাটি আদালতের গণ্ডি পেরিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দেয়, যখন প্রকাশ পায় বাদী কফিল উদ্দিন নিজেই যুবলীগের দলীয় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। একপর্যায়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে গত ১৭ সেপ্টেম্বর তিনি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন জানান।
আবেদনের শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত মামলাটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর আদালতের জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, পিবিআইয়ের অধীনে থাকা তদন্ত কার্যক্রম আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে স্থগিত ও নিষ্পত্তি করা হয়েছে।
উক্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ২৬ জন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৮৭ জনকে আসামি করা হয়েছিল।
বিতর্কিত পরিচয়ের বাদীর মামলা প্রত্যাহার এবং আদালতের এই আদেশের মাধ্যমে চট্টগ্রামে আন্দোলনকেন্দ্রিক একটি অন্যতম স্পর্শকাতর আইনি আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।
সূত্র এশিয়া পোস্ট
