নিউজ ডেস্ক:
বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আদালতে রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের অধীনে ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন এই আবেদনটি করেন। তিনি থ্রি বোল্ট কোর্ট চেম্বার্সের সদস্য এবং ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করেন।
আবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সাবেক সদস্য, এবং অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজন করে, যা সরকারি বাহিনী দ্বারা নৃশংসভাবে দমন করা হয়। অভিযোগ অনুসারে, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এবং লাইভ বুলেটের ব্যবহার করে। এতে প্রায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং ২২ হাজারের বেশি আহত হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, গুলিতে কমপক্ষে ৯২ জনের দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে এবং শত শত মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এছাড়াও, সরকারের নির্যাতন, গুম এবং গোপন নির্যাতন কেন্দ্র তৈরির অভিযোগও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানবতাবিরোধী অপরাধ।
বাংলাদেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে, এই অপরাধগুলোর তদন্তের জন্য একটি আন্তর্জাতিক স্বতন্ত্র তদন্ত কমিটির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
