নিউজ ডেস্ক :
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ প্রায় তিন মাস আগে কূটনৈতিক চিঠি পাঠালেও এখনো কোনো জবাব মেলেনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, তখন আলাদা করে মন্ত্রণালয়ের কিছু বলার প্রয়োজন নেই।
শেখ হাসিনা প্রত্যর্পণে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জানান, প্রধান উপদেষ্টা এ বিষয়ে ইতোমধ্যে দিকনির্দেশনা দিয়েছেন। তবে এখন পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল।
