শিক্ষাব্যবস্থার রূপান্তরের স্বপ্ন দেখেন নতুন শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক :

বাংলাদেশের শিক্ষার্থীরা যেন দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পায় এবং এখান থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে—এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

বুধবার (৫ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেশে বড় পরিবর্তন এসেছে, আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। শিক্ষা একটি বিশাল ক্ষেত্র, যেখানে আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষা শুধু কর্মদক্ষতা অর্জনের মাধ্যম নয়, এটি সামাজিক ন্যায়বিচার ও বিজ্ঞানভিত্তিক উৎকর্ষের সহায়ক। এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যা ব্যক্তি ও সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন অধ্যাপক সি আর আবরার। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ। শপথ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ তাকে স্বাগত জানান।

নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন। অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এতদিন পরিকল্পনা ও শিক্ষা—দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তবে এখন থেকে তিনি শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে থাকবেন।