জাগ্রত পাহাড় ডেস্ক :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’র মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিমানবন্দর সূত্র জানায়, গ্রেফতারের সময় চিন্ময় দাস শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি।
ডিবি সূত্রের মতে, চিন্ময় দাসের নেতৃত্বে সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে ডিবি জানায়।