চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে লোহাগাড়া উপজেলার চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চুনতী এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় কক্সবাজার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩) থামার সংকেত দেওয়া হয়।
পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বাম পাশের পেছনের সিটের চাকার ওপর বডির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে হাতেনাতে গ্রেপ্তার চারজন হলেন:
- পলাশ মাহমুদ (৩৬)
- মো. সজীব মিয়া (২৮)
- সাদিয়া আক্তার (২৪)
- নুসরাত জাহান ইভা (১৯)
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক পাচারের এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
