লংগদুতে দ্বিতীয় ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ১২০ পরিবার

নিজস্ব প্রতিবেদক।।

রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) লংগদু জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি’র সহায়তায় এ টিউবওয়েলের উদ্বোধন করা হয়।লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত আনুষ্ঠানিকভাবে টিউবওয়েলটির উদ্বোধন করেন।এতে রসুলপুর এলাকার প্রায় ১২০টি বাঙালি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।উদ্বোধন অনুষ্ঠানে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা জানান, লংগদু জোন নিয়মিত বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। এই ডিপ টিউবওয়েল স্থাপনও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *