নিউজ ডেস্ক :
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৩ মার্চ) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ইইউর সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিব।
তিনি বলেন, অনুদানের পরিমাণ গত বছরের তুলনায় বেশি হলেও শরণার্থী শিবিরের মানবিক পরিস্থিতির অবনতি ঠেকানোর জন্য এটি যথেষ্ট নয়, কারণ তহবিল সংকট দিন দিন বাড়ছে। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের প্রতি সরকারের অব্যাহত সমর্থনের কথা জানিয়ে বলেন, এটি বহু বছর ধরে চলমান, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।
ইইউ কমিশনার বলেন, এ সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। পাশাপাশি, মানবিক সংকটের মধ্যে ভুল তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
