নিউজ ডেস্ক :
মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি জানান, মিয়ানমার সরকার এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ প্রায় আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে। এর মধ্যে এখনো ৭০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই সম্পন্ন হলে তাদের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত আসবে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, এটি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার একটি বড় অগ্রগতি। এর আগে এত বড় সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শুক্রবার ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয় আশ্বাস দেন, মূল তালিকায় থাকা আরও পাঁচ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।
