নিউজ ডেস্ক:
২০২৫ সালের জানুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৭২৩ কোটি টাকার সমান। এই সময় প্রতিদিন গড়ে ৮১৮ কোটি টাকা দেশে এসেছে। এই প্রবাহ অব্যাহত থাকলে জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার। তবে এই সময়ের মধ্যে ৯টি ব্যাংক থেকে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ কিছু বেসরকারি ও বিদেশি ব্যাংক।
২০২৪ সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের সমান। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবাসীরা মোট ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি।
