নিউজ ডেস্ক:
গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি এজেন্টরা বাংলাদেশকে ধ্বংস করার যে প্রক্রিয়ার মধ্যে আছে, তার থেকে উদ্ধারের জন্য আমাদের সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার নিয়ে আজ শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফার সংলাপ করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে গণফোরামের সঙ্গে এই সংলাপ সম্পন্ন হয়েছে।
সংলাপ শেষে গণফোরাম সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন, এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, “আমরা নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, স্বাধীন নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছি। সরকার এগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে।”
গণফোরামের পক্ষ থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে সংবিধান, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টু জানান, বাজার পরিস্থিতি নিয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এবং সিন্ডিকেট ভাঙার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
মোস্তফা মোহসীন মন্টু বলেন, “আমাদের সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে। সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করা হবে। প্রধান উপদেষ্টা আমাদের সহযোগিতা চেয়েছেন এবং জনগণের জন্য দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন।”
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশন সংস্কার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ভালো লোক নিয়োগেরও আহ্বান জানানো হয়েছে।
সংবিধান সংশোধনের বিষয়ে গণফোরাম নিজেদের প্রস্তাব শিগগিরই লিখিত আকারে জমা দেবে বলে জানিয়েছেন তারা।
এই সংলাপে গণফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, মোস্তফা মোহসীন মন্টু, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডা. মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট একেএম জগলুল, হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং অ্যাডভোকেট সুরাইয়া বেগমসহ অন্যান্য সদস্যরা।
