নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চাকমা জাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার প্রকাশিত ইশতেহারে ‘আধিবাসী’ শব্দের ব্যবহার রাষ্ট্রীয় পরিচয়, জাতীয় ঐক্য এবং পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী। এ ধরনের বিতর্কিত পরিভাষা ব্যবহার গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত শব্দ প্রয়োগ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা এবং রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল। এ ধরনের বক্তব্য ও মনগড়া ইশতেহার পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সিএইচটি সম্প্রীতি জোট আরও জানায়, বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় নীতিমালায় নাগরিক পরিচয় ও অধিকার সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। সেগুলোকে পাশ কাটিয়ে বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর জোর দেয় সংগঠনটি।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকদের প্রতি রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক ভাষা পরিহার করে সংবিধানসম্মত, বাস্তবভিত্তিক ও উন্নয়নমুখী ইশতেহার উপস্থাপনের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী বক্তব্য ও ইশতেহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য পাইমংথুই মারমা বলেন, দায়িত্বশীল রাজনৈতিক চর্চা, পরিমিত ভাষা ও পারস্পরিক সম্মান বজায় রাখলেই পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র আরও সুসংহত হবে।