নিউজ ডেস্ক :
নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা প্রয়োগে একটি সুনির্দিষ্ট নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। জনস্বার্থে দায়ের করা রিটের শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ইশরাত হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসীন কবীর রকি অংশ নেন।
এর আগে, গত ২০ জানুয়ারি, রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা নিয়ে কোনো নীতিমালা না থাকায় তার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অপরাধীদের ক্ষমার বিশেষ ক্ষমতা দিলেও এটি অনিয়ন্ত্রিত এবং নীতিমালার অভাবে এর অপব্যবহার হয়েছে। অতীতে এই ক্ষমতা ব্যবহার করে সাজাপ্রাপ্ত কিছু আসামিকে মুক্তি দেওয়া হয়েছে, যা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা নিয়ে জনমনে বিভ্রান্তি ও ন্যায়বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে রিটে নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্ট্র সচিব, পার্লামেন্ট সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
