নিউজ ডেস্ক :
রাশিয়ার মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী অজানা সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (৮ এপ্রিল) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে অবস্থিত ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় আনুষ্ঠানিকতা পরিচালনা করেন রুশ পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ওলেগ সালিউকভ। মেট্রোনোমের স্থির শব্দে এক মিনিট নীরবতা পালন করে স্মরণ করা হয় অজানা বীরদের আত্মত্যাগ। এরপর বাংলাদেশের সামরিক প্রতিনিধিদলের পক্ষ থেকে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে ছিল ঐতিহ্যবাহী ১৫৪তম আলাদা প্রিওব্রাঝেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের কুচকাওয়াজ। এতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার প্রতিনিধিত্বকারী বাহিনী রাষ্ট্রীয় পতাকা ও সামরিক পতাকা নিয়ে অংশগ্রহণ করে। দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
