রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা:
খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা বাজার ও আশপাশ এলাকায় ইউপিডিএফের আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে চরম আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার নাকাপা বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের একজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবারও নতুন তৎপরতায় এলাকায় ভয় ছড়াল সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নাকাপা উচ্চ বিদ্যালয়ে গিয়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়। হঠাৎ এ ঘটনায় শ্রমিকরা ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যায়। এর দুই-তিন দিন আগেও সন্ত্রাসীরা ভবন নির্মাণস্থলে গিয়ে খোঁজ-খবর নেয় বলে জানা গেছে।
বিদ্যালয় ভবনটির মূল ঠিকাদার রাঙামাটির ইউ টি মং হলেও প্রকল্পটির কাজ পরিচালনা করছেন খাগড়াছড়ির থং মারমা। তাদের ওপর বারবার চাপ সৃষ্টি করায় কাজ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনগণ বলেন, “প্রতিনিয়ত চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে এলাকায় সাধারণ মানুষ ভয়ে দিন কাটাচ্ছে। প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ ছাড়া এ অবস্থার কোনো পরিবর্তন হবে না।”
প্রসঙ্গত, এর আগে সোমবার নাকাপা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষের একজনকে তুলে নিয়ে যায়। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
